দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ীতে দীর্ঘদিন সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ একটি ফুট ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিদিন ব্যবসায়ী, শিক্ষার্থীসহ হাজারো মানুষ ঝুঁকি নিয়ে ব্রিজটি দিয়ে চলাচল করছেন। জরাজীর্ণ ও সরু ব্রিজটির বিভিন্ন অংশ নষ্ট হয়ে যাওয়ায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। দ্রুত ব্রিজটি সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
ফুলবাড়ী শহরের গুরুত্বপূর্ণ এই ফুট ব্রিজের এক পাশে রয়েছে জেলার অন্যতম বড় পাইকারি সবজি বাজার। প্রতিদিন রিকশা-ভ্যানসহ বিভিন্ন যানবাহনে ব্যবসায়ীরা ব্রিজটি দিয়ে পণ্য আনা-নেওয়া করেন। অন্যদিকে নদীর পাড়ে রয়েছে সরকারি কলেজ ও সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক মানুষ প্রতিদিন ব্রিজটি ব্যবহার করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সময়ের সঙ্গে বাজারের পরিধি ও মানুষের চলাচল বাড়লেও ব্রিজটির অবস্থা দিন দিন নাজুক হচ্ছে। সরু হওয়ায় রিকশা-ভ্যান চলাচলের সময়ও তৈরি হচ্ছে যানজট ও ভোগান্তি।
স্থানীয় বাসিন্দারা বলেন, ব্রিজটি অত্যন্ত সরু ও ঝুঁকিপূর্ণ। প্রতিদিন মালামাল নিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে এ পথেই চলাচল করতে হয়। একটি রিকশা পার হওয়ার সময় বিপরীত দিকের যানবাহনকে অপেক্ষা করতে হয়। শিক্ষার্থীরাও ঝুঁকি নিয়ে ব্রিজটি পারাপার হচ্ছে। দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ না করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান বলেন, ‘আমি সরেজমিনে ব্রিজটি পরিদর্শন করে এসেছি। ব্রিজটি অনেক সরু এবং নষ্ট হয়ে গেছে। এটি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে। দ্রুত সময়ের মধ্যে ব্রিজটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
স্থানীয়দের প্রত্যাশা, ঝুঁকিপূর্ণ ফুট ব্রিজটি দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ করে নিরাপদ চলাচলের ব্যবস্থা করা হবে।
যে আই